কুড়িগ্রামে মাছ ধরার জালে আটকা ১৪ ফুটের অজগর
সাপটি ভারত থেকে এসেছে বলে দাবি স্থানীয়দের।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি বিলে মাছ ধরার জালে ১৩ থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর আটকা পড়েছে; যেটি ভারত থেকে এসেছে বলে দাবি স্থানীয়দের।
রোববার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় ধরলা নদীর কাছে সাপটি ধরা পড়ে বলে জানিয়েছেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল।
অজগর আটকার খবর ছড়িয়ে পড়লে সেটিকে একনজর দেখতে জেলের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদীর কাছের বিলে নিয়মিত চায়না দুয়ারি রিং জাল পেতে মাছ ধরেন। রোববার দুপুরে জাল তুলতে গিয়ে ভেতরে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান।
পরে আশপাশের কয়েকজন জেলের সহায়তায় জালসহ সাপটিকে বাড়িতে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সাপটিকে দেখতে সেখানে শত শত নারী পুরুষের ভিড় জমে। উৎসুক অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
সাপটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও বাবুল শেখ বলেন, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ থেকে ১৪ ফুট হবে। সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে আসতে পারে বলে তাদের ধারণা। যে স্থানে সাপটি জালে আটকা পড়েছে, সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার উত্তর পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্ত।
ইউপি চেয়ারম্যান সোহেল বলেন, অজগরটি উদ্ধারের পর নিরাপদ স্থানে অবমুক্ত করা অথবা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।
