ভোলায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০ জন; আর চিকিৎসা নিচ্ছেন মোট ৪৫ জন।
ভোলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে; আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৫ জন।
শুক্রবার সকাল ১০টায় ভোলা থেকে বরিশালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন ভোলা সদর হাসপাতালের চিকিৎসক তায়েবুর রহমান।
মৃত আব্দুর রাজ্জাক রাজিব (২২) লালমোহন উপজেলার করিমগঞ্জ গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।
চিকিৎসক তায়েবুর বলেন, রাজিব ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সকালে হাসপাতালে ভর্তি হন। আশঙ্কাজনক অবস্থা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়; যা ভোলায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০ জন; এ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৪৫ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১০০ জন। গত তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। তাদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪৩ জন।
ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সদর হাসপাতালে আরও ২০টি শয্যা বাড়ানো হয়েছে।
