ফেনী স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যাত্রীর মৃত্যু
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি।
ফেনীর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী রেলওয়ে পুলিশের এসআই আমজাদ আলী চৌধুরী।
তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফেনীর স্টেশন মাস্টার মো. হারুন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। ফেনী স্টেশনে ট্রেনটি দাঁড়ালে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামেন। পরে সেখান থেকে ফেরার সময় ৩ নম্বর লাইনে চলমান একটি মালবাহী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই আমজাদ আলী চৌধুরী বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।
এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলেও জানান তিনি।
