২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

অক্সিজেন স্বল্পতা ও জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে দুই শ্রমিক মারা যান বলে জানায় পুলিশ।

রংপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

রংপুর নগরীতে সেপটিক ট্যাংকে নেমে নিহত শ্রমিকের স্বজনদের আহাজারি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 06:29 PM

Updated : 23 Jun 2023, 06:29 PM

রংপুর নগরীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে নগরীর চেয়ারম্যানের মোড় ছিট কেল্লাবন্দ এলাকায় এ ঘটনা ঘটে বলে রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান।

নিহতরা হলেন- সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন আহমেদ (৩২) এবং নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৪)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে ছিট কেল্লাবন্দের এনামুল হকের নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নামের রাজমিস্ত্রী হুমায়ূন। সেখানে জমে থাকে গ্যাসে হুমায়ূন অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধারে ট্যাংকে নামের অপর শ্রমিক লিটন।

খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে দুজনের মরদেহ হাজিরহাট থানায় নিয়ে যায়। 

অক্সিজেন স্বল্পতা ও জমে থাকা গ্যাসের কারণে শ্বাসকষ্টের এক পর্যায়ে তারা মারা যান বলে জানায় পুলিশ। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

বাড়ির মালিক এনামুল হক জানান, ২৫ দিন আগে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় নির্মাণ শ্রমিকরা সকালে নিচে নামেন। সেখানে দম বন্ধ হয়ে তারা মারা যান। 

ওসি রাজিব বসুনিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।