চাঁদপুরে পোড়ানো হল ‘৯ কোটি টাকা’র কারেন্ট জাল
চাঁদপুরে অভিযান চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
চাঁদপুরে অভিযান চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড; পরে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুর কোস্ট গার্ডের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
“অভিযানে ফতুল্লা থেকে চাঁদপুরে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি গাজী সালাউদ্দিনে তল্লাশি চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
তবে জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, পরবর্তী সময়ে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
