২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রে ভয় করি না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন। তাই উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক সব সময়ই বড় বড় আক্রমণে ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 04:21 PM

Updated : 11 Oct 2023, 07:44 PM

নেতাকর্মীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র সব সময় থাকে, তিনি সেসবে ভয় করেন না।

বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় জেলা, টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

প্রধানমন্ত্রী বলেন, “গেল ১৪ বছরে গণতন্ত্রের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি করেছি। মানুষের কল্যাণে যা যা করা দরকার, করছি। প্রত্যেক এমপিকে নিজ এলাকার মানুষকে দেখতে হয়। আমাকে দেখতে হয় ৩০০ আসনের মানুষকে।

“টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছে। তারা আমাকে দেখে। তাই নিবেদিতপ্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে পারি।”

আসন্ন নির্বাচন নিয়ে চিন্তা নেই, জনগণের ভোট আওয়ামী লীগের আছে বলে মন্তব্য করেন তিনি।

“নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই, জনগণ আমাদের সাথে আছে। তবে জাতীয় ও আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র সবসময়ই থাকে। আমি সেটা ভয় পাই না। গ্রেনেড, গুলি, বোমা সবকিছু মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন। তাই উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক সব সময়ই বড় বড় আক্রমণে ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।”

কোভিড মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “গণতন্ত্রের মধ্য দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। এই উন্নয়নযাত্রা ধরে রাখতে হবে।

অনাবাদি জমি আবাদ করে খাদ্য উৎপাদন বাড়াতে সবাইকে উদ্যোগী হওয়ারও পরামর্শ দেন শেখ হাসিনা।

“সারা বিশ্বেই জিনিসপত্রের দাম বেশি। তাই বিভিন্নভাবে সবাইকে উৎপাদনমুখী হতে হবে। আমাদের সৌভাগ্য যে আমাদের মাটি অত্যন্ত উর্বর এবং আমাদের মানুষগুলো দক্ষ। যে কারণে আমরা যদি চেষ্টা করি তাহলে খাদ্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারি।”

প্রধানমন্ত্রী মঙ্গলবার মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা-ভাঙ্গা রেল সংযোগের উদ্বোধন ও ফরিদপুরের ভাঙ্গায় জনসভায় ভাষণ দেয়ার পর টুঙ্গিপাড়া পৌঁছান।

প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করেন তিনি।

বুধবার বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।