২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তালা ভেঙে ঘরে ঢুকে দেখলেন বৃদ্ধ বাবার হাত-পা বাঁধা লাশ

ছেলে বলেন, “আমার বাবার হাত ও পা বাঁধা ছিল, ঘরের বাইরে তালা৷ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি খুন হয়েছেন৷”

তালা ভেঙে ঘরে ঢুকে দেখলেন বৃদ্ধ বাবার হাত-পা বাঁধা লাশ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 08:25 PM

Updated : 15 Dec 2023, 08:25 PM

সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান আকাশ৷ সন্ধ্যায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ পান৷ বাবা আব্দুর রাজ্জাকের ফোন নম্বরটিও বন্ধ পেয়ে বন্ধুর বাসায় রাত্রিযাপন করেন৷

সকালে বন্ধুর সহযোগিতায় ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় ৫৫ বছর বয়সি বৃদ্ধ বাবার মরদেহ দেখতে পান৷

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লার চিতাশাল নূরবাগ এলাকায়৷

শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম৷

নিহত আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলায়৷ পেশায় রাজমিস্ত্রি রাজ্জাকের স্ত্রী পাঁচমাস পূর্বে মারা গেছেন৷ রাজ্জাক ২২ বছর বয়সি একমাত্র ছেলে আকাশকে নিয়ে পাঁচতলা ভবনের ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন বলে জানায় পুলিশ৷

মো. আকাশ বলেন, তিনি রাজধানীর নবাবপুরে একটি দোকানে চাকরি করেন৷ সকালে বেরিয়ে যান, সন্ধ্যায় ফেরেন৷

বৃহস্পতিবার রাতে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে বাবাকে কল দিয়ে না পেয়ে প্রতিবেশি খালার বাসায় খাবার খেয়ে বন্ধুর বাড়িতে রাত্রিযাপন করেন৷ সকালে তালা ভেঙে বাবার মরদেহ দেখতে পান৷

তিনি বলেন, “আমার বাবার হাত ও পা বাঁধা ছিল, ঘরের বাইরে তালা৷ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি খুন হয়েছেন৷ আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাই।”

প্রাথমিক তদন্তের বরাতে ঘটনাস্থলে যাওয়া পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল৷ হাত ও পা দু’টোই বাঁধা অবস্থায়৷ বাইরে যে তালাটি লাগানো ছিল সেটিও তাদের ঘরেরই৷ যদিও ঘরের কিছু খোয়া যায়নি৷ নিহতের ঘরে কেউ ঢুকে তাকে হত্যার পর ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে গেছেন, এমনটাই প্রাথমিক তদন্তে মনে হচ্ছে৷

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে৷ হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে৷