Published : 24 Apr 2024, 11:21 PM
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অসুস্থ হয়ে মন্দিরেই মারা গেছেন এক পুরোহিত। প্রচণ্ড গরমে তার মৃত্যু হয়েছে বলে ধারণা স্বজনদের।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগমারা গ্রামের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গীনা মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানান ওই মন্দিরের সাধারণ সম্পাদক তাপস সাহা।
মৃত নিতাই চক্রবর্তী (৭০) চাঁদপুরের মতলব দক্ষিণের মোবারকদি গ্রামের প্রয়াত পরেশ চক্রবর্তীর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাগমারা গ্রামে ২৮ বছর ধরে ভাড়া বাসায় থেকে ওই মন্দিরে পুরোহিত হিসেবে কর্মরত ছিলেন।
নিতাই চক্রবর্তীর বড় ছেলে রনি চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা প্রতিদিনের ন্যায় সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দিরে প্রার্থনা সেরে বাসায় আসেন। গোসল সেরে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিকাল ৪টার দিকে ফের মন্দিরে যান।
“মন্দিরে যাবার পর পর হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে বমি ও নাক-মুখ দিয়ে প্রচুর রক্ত বের হয়ে সেখানেই মারা যান তিনি।”
নিতাই চক্রবর্তীর স্ত্রী রিনা রানী চক্রবর্তী বলেন, “আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল তাকে যেন এ মন্দিরের মহাশ্মশানে দাহ করে সমাধি করা হয়।”
পুরোহিতের মৃত্যুতে শোক প্রকাশ করে মন্দিরের সাধারণ সম্পাদক তাপস সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৯৬ সালে নিতাই চক্রবর্তী এ মন্দিরে পুরোহিত হিসেবে যোগদান করেন। ২৮ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন তিনি। হঠাৎ তার এমন মৃত্যুতে আমরা শোকাহত।”
নিতাই চক্রবর্তীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মন্দিরের সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না। তার মৃত্যুতে মন্দির কমিটির সকল সদস্যসহ এলাকাবাসী শোকাহত।”