‘ধারের টাকা চাওয়ায় ছুরি হাতে ইউপি চেয়ারম্যানকে মারতে গেলেন’ যুবক
তবে ইউপি চেয়ারম্যান ওই যুবকের কাছে কত টাকা পান তা জানা যায়নি।
চাঁদপুর সদর উপজেলায় ‘ধারের টাকা চাওয়ায়’ ইউপি চেয়ারম্যানকে ছুরি হাতে মারতে যাওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আটক ইকবাল বন্দুকশী (৩৫) তরপুরচন্ডী গ্রামের বাসিন্দা।
ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর অভিযোগ, “ইকবাল বেশ কয়েক বছর আগে আমার কাছ থেকে টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সে আমার টাকা দেয়- দিচ্ছি বলে বাহানা করে। এক পর্যায়ে সে বিদেশে চলে যায়। সম্প্রতি দেশে এলে আবার পাওনা টাকা চাইলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়।
“এ ছাড়া প্রায় দিনই সে আমার সামনে অসৌজন্যমূলক আচরণ করে। আজকে আবার পরিষদের সামনে প্রকাশ্যে ছুরি নিয়ে আসে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।”
তবে চেয়ারম্যান রাসেল গাজী ওই যুবকের কাছে কত টাকা পান তা জানা যায়নি।
পুলিশ জানায়, ইকবাল ছুরি নিয়ে পরিষদের সামনে এলে এলাকাবাসী গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটকে রাখে।
পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
