মৌলভীবাজারে ধর্মঘটেও উৎসব আমেজে সিলেটমুখী বিএনপির নেতা-কর্মীরা
ঢাকা-চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া প্রত্যেকটি ট্রেন টইটুম্বুর হয়ে সিলেটে দিকে যেতে দেখা গেছে।
সিলেটে গণসমাবেশ-মুখী বিএনপি নেতা-কর্মীদের জন্য মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট বাধা হতে পারেনি।
শনিবারের আগেই মৌলভীবাজার থেকে অনেক নেতা-কর্মী পৌঁছে গেছেন সিলেটের সমাবেশ স্থলে। সেখানে তারা একত্রিত হতে থাকলে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
কেউ রান্না করছেন, কেউ গান গাইছেন, আর এর ফাঁকে ফাঁকে চলছে দলীয় স্লোগান।
এমনটাই জানা গেছে মৌলভীবাজার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে।
মোবাইল ফোনে কথা হয় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহাব উদ্দিনের সঙ্গে।
তিনি জানান, বৃহস্পতিবার রাতেই শ্রীমঙ্গল থেকে ট্রেনে করে তারা শতাধিক নেতা-কর্মী সিলেটে যান। ধাপে ধাপে উৎসবের আমেজে আরো কয়েকশ নেতা-কর্মী সমাবেশ স্থলে পৌঁছেন।
সেখানকার অবস্থা জানাতে গিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে তাদের জন্য প্যাকেট খাবারের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সকালে ও দুপুরে খিচুরি রান্না করে খেয়েছেন তারা।
বিকালে বিএনপি নেতা হাজী মুজিবকে নিয়ে মাঠেই মিছিল দিয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা টিটু আহমদ মোবাইল ফোনে জানান, কয়েকশ নেতা-কর্মী নিয়ে তিনি গতকাল মধ্যরাতেই সিলেটে পৌঁছেছেন।
এ ছাড়া ট্রেন, বাস, মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে অন্তত ৫০০ নেতা-কর্মী সিলেটে পৌঁছেছেন।
সমাবেশের মাঠেই শ্রীমঙ্গল ক্যাম্প, কমলগঞ্জ ক্যাম্প, মৌলভীবাজার ক্যাম্পসহ অন্যান্য এলাকার ক্যাম্প করা হয়েছে। সে ক্যাম্পেই তারা আছেন।
তিনি জানান, শুক্রবার রাতে মৌলভীবাজার থেকে আরও কয়েক হাজার নেতা-কর্মী সিলেট যাবেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী মুজিবের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, “সরকার অবরোধ দিয়ে বিএনপি নেতা-কর্মীদের আটকাতে পারেনি। সমাবেশের জন্য আমাদের নেতা-কর্মীরা একদিন আগেই এসে গেছে। এখানে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
“এ উৎসব আগামী দিনের নেতা-কর্মীদের মধ্যে আন্দোলনের শক্তি যোগাবে।”
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “ধর্মঘট দিয়ে বিএনপির জনস্রোত আটকানোর সুযোগ নেই।”
তার ভাষ্য, এই সমাবেশ ঐতিহাসিক গণসমাবেশে রূপ নেবে। এখান থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে স্লোগান তুলবে লাখো জনতা।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী বলেন, বিএনপি শুধু সমাবেশ ডেকেছে, জোয়ার এনে দিয়েছেন সাধারণ জনগণ।
এদিকে, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া প্রত্যেকটি ট্রেন টইটুম্বুর হয়ে সিলেটে দিকে যাচ্ছে।
শ্রীমঙ্গলের রেলওয়ের স্টেশন মাস্টার বলেন, পরিবহন ধর্মঘট থাকায় গতকাল রাত থেকে প্রত্যেকটি ট্রেনে সিলেটের ৭০ থেকে ১০০টি টিকিট বিক্রি হয়েছে।আজ রাতের ট্রেনেও সিলেটের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
