২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের ‘অবাস্তব’ দাবির মূল্য নেই: তোফায়েল

“সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে তা ইতিহাসে বিরল।”

তত্ত্বাবধায়ক সরকারের ‘অবাস্তব’ দাবির মূল্য নেই: তোফায়েল

ভোলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 07:55 PM

Updated : 04 Feb 2023, 07:55 PM

বর্তমান সরকারের অধীনে এবং সংবিধান অনুসারেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, “বিএনপি নতুন করে ১০ দফা দাবিতে রাজপথে নেমেছে। তারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায়। আমি স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না।”

শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে তা ইতিহাসে ‘বিরল’ বলে দাবি করেছেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, “বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিশ্বে উন্নয়ন ও মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। যে কারণে বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে।

“পদ্মা সেতু ও মেট্রো রেলের মত বড় বড় প্রকল্পের কাজ করে সরকার বিশ্বে বেশ প্রশংসিত হয়েছে। তাই বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।”

আওয়ামী লীগের এই নেতা পাঁচ দিনের সফরে ভোলায় অবস্থান করছেন। তিনি নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় বক্তব্য দেন।

ভোলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে, যা সারাদেশে সরবরাহের পাশাপাশি ভোলায় শিল্প-কলকারখানা গড়ে তোলা হবে। ভোলা-বরিশাল সেতু হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন।“

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক কবির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।