বাসের নিচে চুরমার বাইক, নিহত ২ আরোহী
বাইক আরোহী দুই যুবকের হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লায় বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরিফপুর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে আবদুল বাতেন (৩৮) এবং বরুড়া উপজেলার পোমতলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫)।
ওসি মিজানুর রহমান জানান, দুপুর সোয়া ১টার টার দিকে কুমিল্লা থেকে কোম্পানিগঞ্জগামী নিউ জনতা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
“মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হন।”
নিহত এ দুই যুবকের হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায় বলে ওসি জানান।
তিনি আরও জানান, ঘটনার পর বাস ও ট্রাকের চালক-হেলপার পলাতক রয়েছেন। মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক এবং মোটরসাইকেল থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
