২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দখলে নেওয়া বনের সাড়ে ৭ একর জমি উদ্ধার

শ্রীপুর উপজেলার চার একর ৫৬ শতাংশ ও সদর উপজেলার দুই একর ৯৭ শতাংশ বনের জমি দখলমুক্ত করা হয়।

গাজীপুর প্রতিনিধি

Published : 23 Apr 2024, 12:21 AM

Updated : 23 Apr 2024, 08:31 AM

গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় অবৈধভাবে বিভিন্ন রিসোর্ট ও প্রতিষ্ঠানের নামে দখল করে রাখা সাত একর ৫৩ শতাংশ বনভূমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার গাজীপুর জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশে শ্রীপুর উপজেলার চার একর ৫৬ শতাংশ এবং সদর উপজেলায় দুই একর ৯৭ শতাংশ বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

এর মধ্যে ম্যাক্সভ্যালি রিসোর্টের দখলে থাকা ৮৫ শতাংশ, অনন্ত ভবনের ৯৫ শতাংশ, রাজেন্দ্র ইকো রিসোর্টের ৬৩ শতাংশ এবং গ্রিনটেক রিসোর্টের দখলে থাকা ৫৪ দশমিক ৫৪৭ শতাংশ জমি উদ্ধার করা হয়।

অভিযানে বন্যপ্রাণী বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মল হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে শ্রীপুর উপজেলায় আলাদা অভিযানে ফজলু পোল্ট্রি ফার্মের দখলে থাকা এক দশমিক ৩৫ একর, আল নূর হ্যাচারির এক দশমিক ৪১ একর, মাটির মায়া ইকো রিসোর্টের এক দশমিক পাঁচ একর এবং ফাউগান ইকো রিসোর্টের দখলে থাকা ৩০ শতাংশ জমি উদ্ধার করা হয়।

শ্রীপুর উপজেলায় উদ্ধার করা বনবিভাগের জমির পরিমাণ চার দশমিক ৫৬ একর। এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা।