জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পুলিশ জানান, দুপুরে বাড়ির পাশে ইটভাটার ডোবায় গোসল করতে যায় দুই বোন।
জামালপুর সদর উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
সোমবার দুপুরে উপজেলার ভেলা পিংগলহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান।
নিহতরা হলো- ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে শুকরিয়া (৭) এবং তার ভাই এরশাদ হোসেনের কন্যা আতিয়া (৭)। দুই শিশু স্থানীয় নূর এ মদিনা কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, দুপুরে বাড়ির পাশে ইটভাটার ডোবার পানিতে গোসল করতে যায় দুই বোন। পরে তারা সেখানে ডুবে যায়।
স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে তাদের ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে নিলে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌমিত্র কুমার বণিক সাংবাদিকদের বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার পর ইসিজি করে তাদের মৃত ঘোষণা করা হয়।
পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।
