কুষ্টিয়ায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪ জনের
সাত বছর আগে ফিরোজ মোল্লাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফেলে আসামিরা।
কুষ্টিয়া সদর উপজেলার একটি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মৃত্তিকাপাড়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে সজিব বিশ্বাস (৩৫) এবং বারিয়াপাড়া গ্রামের প্রয়াত জানে আলী জানু ওরফে জান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪২)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন করিমপুর গ্রামের প্রয়াত ওয়াহেদ জোয়ার্দ্দারের ছেলে জমির উদ্দিন জোয়ার্দ্দার (৪৬) [পলাতক], মকছেদ আলী মন্ডলের ছেলে সদর উদ্দিন মন্ডল (৬০), আব্দুল আজিজ ওরফে আজিতের ছেলে আনিছুর রহমান ওরফে আনিস (৩৮) এবং বালিয়াপাড়া গ্রামের দিদার আলীর ছেলে সুমন আলী ওরফে সুমন (৩৫)।
সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলাম করে জরিমানার অর্থ আদায়ের আদেশ দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১লা জানুয়ারি রাতের কোনো এক সময় ফিরোজ মোল্লাকে (৩২) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা শেষে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আসামিরা। পরে একটি প্লাস্টিকের শপিং ব্যাগে মাথাটি রেখে আলামপুর বালিয়াপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় গেটে ঝুলিয়ে রাখে এবং মাথাবিহীন দেহ বালিয়াপাড়া গ্রামের বাবলা তলা মাঠের সরিষা ক্ষেতে ফেলে দেয়।
এ ঘটনায় নিহতের পরিবার লাশ শনাক্ত করলেও কেউ মামলা করতে রাজি না হওয়ায় ঘটনার তিন দিন পর কুষ্টিয়া মডেল থানায় মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
তদন্ত শেষে র্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ২০১৭ সালের ১লা এপ্রিল অভিযোগপত্র দেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি অনুপ কুমার নন্দী জানান, সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও গরুর হাট দখলকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই জনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
