২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার পরিকল্পনা: সাতক্ষীরায় গ্রেপ্তার ৬৫ ‘বিএনপি-জামায়াত’ নেতা-কর্মী

গ্রেপ্তার ব্যক্তিরা সরকার উৎখাতের জন্য নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নাশকতার পরিকল্পনা: সাতক্ষীরায় গ্রেপ্তার ৬৫ ‘বিএনপি-জামায়াত’ নেতা-কর্মী

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 08:47 PM

Updated : 03 Aug 2023, 08:47 PM

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৬৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ, বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। 

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম এবং কালিগঞ্জ ওসি মামুন রহমান।

গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে রয়েছেন-কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কাদের, বিষ্ণুপুর ইউনিয়নের রফিকুল ইসলাম, সদর উপজেলার কুচপুকুর গ্রামের মতিয়ার রহমান, চুপড়িয়া ইউনিয়নেনর আব্দুর রহমান। এরা স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা বলে জানিয়েছে পুলিশ। 

ওসি মহিদুল এবং ওসি মামুন সাংবাদিকদের জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সরকার উৎখাতের জন্য নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে সাতক্ষীরা ও কালিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ককটেলসহ ৬৫ জনকে আটক করা হয়। পরে তাদের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।