২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেলো পুলিশের

ঢাকায় যাওয়ার পথে মোটরসাইকেলের উপর একটি পিকআপ ভ্যান তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 03:34 PM

Updated : 26 Nov 2022, 04:18 PM

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক এসআই নিহত হয়েছেন।

নরসিংদী শিবপুর হাইওয়ে পুলিশের এসআই মো. নুর উদ্দিন জানান, শনিবার সকাল ৯টায় শিবপুরের বড়ইতলা এলাকার কারার চরে মদিনা জুটমিল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ (৩০) নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি ডেমরা থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

এসআই নুর উদ্দিন বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলে করে শিবপুরের বড়ইতলা এলাকার দিকে যাচ্ছিলেন সবুজ। পথে তার মোটরসাইকেলটির উপর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তুলে দেয়।

“পরে সবুজকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

নিহতের ভাতিজি জামাই আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানার ডিউটি শেষ করে নরসিংদীর রায়পুরা বাসায় ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন সবুজ। তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

সবুজের স্ত্রীর নাম সুইটি আক্তার। এ দম্পত্তির শাজনিন জাহান নামে ছয় মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে জানান তিনি।

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক বলেন, “সবুজের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবেদন করেছি। আবেদন মঞ্জুর হলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবো।”