মেঘনায় ট্রলারে ‘জলদস্যুর হামলা’, দুই জেলে গুলিবিদ্ধ
দুইজনের শরীরে ৭০-৮০টি ছররা গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসক।
ভোলায় মেঘনা নদীতে দুইটি ট্রলারে ‘জলদস্যুরা হামলায়’ দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ দুই জেলেকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গুলিবিদ্ধরা হলেন- নোয়াখালী জেলার আলেকজান্ডার এলাকার মো. সোহেল মাঝি (৩৫) ও বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মোহাম্মদ হোসেন (৩০)।
আহত কয়েকজনের মধ্যে তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সোহেল মাঝির ট্রলারের মো. লিটন, হোসেন ও বেছু।
ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তায়েবুর রহমান জানান, গুলিবিদ্ধ দুইজনের শরীরে ৭০-৮০টি ছররা গুলির চিহ্ন রয়েছে। দুইজনই শঙ্কামুক্ত।
গুলিবিদ্ধ সোহেলকে উদ্ধার করে নিয়ে আসা জেলে রাসেল জানান, ভোর ৪টার দিকে তিনি দেখতে পান সোহেল তার জালে পেঁচিয়ে নদীতে ভেসে আছেন। তিনি তাকে উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ সোহেল জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিনের মেঘনা নদীর আবদুল্লাহপুর এলাকায় একটি জলদস্যু বাহিনী তার ট্রলারে হামলা চালায়। পরে ট্রলার থাকা ছয় জেলেকে নদীতে ফেলে ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে। তিনি জলদস্যুদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন।
বাকি পাঁচ জেলের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান তিনি।
গুলিবিদ্ধ মোহাম্মদ হোসেন জানান, তার ট্রলারেও একই জায়গায় জলদস্যুরা হামলা চালিয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনিসহ তার ট্রলারে সাত জেলে ছিলেন। বাকি বিষয়ে কিছু জানা নেই তার।
এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনাটি কি জলদস্যুরা করেছে, নাকি অন্য কোনো কারণ আছে- পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু জানানো সম্ভব হচ্ছে না বলে জানান পুলিশ সুপার।
