২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ

সংকট নিরসনে দায়িত্বশীল ব্যক্তিরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে বিক্ষোভকারীদের অভিযোগ।

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2022, 09:39 PM

Updated : 26 Dec 2022, 09:39 PM

তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন জেলার সিদ্ধিরগঞ্জের এসএস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টসের প্রায় দেড়শ’ শ্রমিক।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

এতে নেতৃত্ব দেন কারখানাটির শ্রমিক মো. ফয়সাল।

এ সময় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন ছিলেন।

সকালে তারা শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে ডিসির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

শ্রমিক নেতারা বলেন, কারখানাটিতে দেড়শ’ শ্রমিক কাজ করতেন। তাদের তিন মাসের বেতন বকেয়া রেখেই গত ৩ ডিসেম্বর কারখানাটিতে তালা ঝুলিয়ে দেয় মালিকপক্ষ। প্রতিবাদে ৫ ডিসেম্বর থেকে আন্দোলন করছেন শ্রমিকরা। তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জেলা প্রশাসকের কার্যালয়, শিল্প পুলিশকে লিখিত দিয়েছেন।

Image

বকেয়া না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

বিকেএমইএর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কোনো সমাধান না পেয়ে ডিসির কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন।

কারখানার শ্রমিকরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে তিন মাসের বেতন বকেয়া থাকায় তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

সংকট নিরসনে দায়িত্বশীল ব্যক্তিরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে তাদের অভিযোগ।

বকেয়া না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে কারখানাটির পরিচালক মো. জামানের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।