২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভোটকেন্দ্রের পাশে ‘যুবকের ধাক্কায়’ বৃদ্ধের মৃত্যু

ধাক্কা দেওয়া যুবকের নাম জানালেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 07:37 PM

Updated : 07 Jan 2024, 07:37 PM

কুমিল্লার দেবিদ্বারে ভোট কেন্দ্রের পাশে যুবকের ধাক্কায় মাটিতে পড়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার গুনাইঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাশারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে বলে দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া জানান।

৬০ বছর বয়সি নিহত নোয়াব আলী ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাশারীখোলা গ্রামের প্রয়াত আবদি মিয়ার ছেলে। 

ওসি বলেন, ঘটনাটি রাজনৈতিক সহিংসতা নাকি অন্য কিছু তা তদন্তের পর বলা যাবে। 

নিহতের ছেলে মো. জুয়েল রানার দাবি, তার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্রের অদূরে দাঁড়িয়ে চাচার সঙ্গে কথা বলছিলেন। এসময় কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক বাঁধে। তখন স্থানীয় এক যুবক এসে তার বাবাকে ধাক্কা দেন। এতে বৃদ্ধ মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন তাকে তুলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে সেখান থেকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধাক্কা দেওয়া যুবকের নাম শাহ আলম বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে।