২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের নথি চুরি, সিরাজগঞ্জে হাই কোর্টের বিচারপতি

সিরাজগঞ্জ জজ আদালতের সহকারী জজ আদালতের সেরেস্তা কক্ষ নথি চুরি হয়।

আদালতের নথি চুরি, সিরাজগঞ্জে হাই কোর্টের বিচারপতি

সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2023, 08:24 PM

Updated : 06 Jan 2023, 08:24 PM

সিরাজগঞ্জ সহকারী জজ আদালতের সেরেস্তায় দেওয়ানি মামলার বেশ কিছু নথি চুরির বিষয়ে জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাই কোর্টের দুই সদস্যের প্রতিনিধিদল।

শুক্রবার দুপুরে হাই কোর্টের বিচারপতি মোস্তাফিজুর রহমান ও সহকারী রেজিস্ট্রার রাশেদুর রহমান সিরাজগঞ্জ আদালত চত্বরে পৌঁছেন। এরপর তারা নথি চুরি হওয়া সেরেস্তা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে বিচারিক হাকিম আদালতের নাজির বেলাল হোসেন বিকেল সাড়ে ৫টায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে হাই কোর্টের বিচারপতি ও সহকারী রেজিষ্ট্রার এবং জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিরসহ কর্মকর্তারা মিটিং করেছেন।

২৫ ডিসেম্বর বিকালে সিরাজগঞ্জ জজ কোর্টের সহকারী জজ আদালতের (কামারখন্দ) সেরেস্তা কক্ষ খুলে কর্মচারীরা দেখতে পান মামলার নথিগুলো মেঝেতে এলোমেলোভাবে পড়ে আছে। এ ছাড়া আলমিরাতে রাখা মামলার বেশকিছু নথি উধাও হয়ে গেছে। তারা কক্ষের জানালার লোহার পাত ভাঙা দেখতে পান।

এ ঘটনায় জজ আদালতের নাজির ওসমান গণি বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। 

এর আগে গত বছরের ২০ ও ২১ মার্চ পর পর দুই রাতে সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি (ভেস্টেট প্রোপার্টি-অর্পিত সম্পত্তি) কৌঁসুলিদের কক্ষের তালা ভেঙে কয়েকটি আলমিরাতে রাখা অন্তত ৬০০ মামলার নথিপত্র চুরি হয়। এরপর ২২ মার্চ রাতে একই স্থানে আবারও চুরির চেষ্টা করা হয়।

এ ঘটনায়ও মামলা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার বা চুরি যাওয়া নথিপত্র উদ্ধার হয়নি।