মিরকাদিমে পথ আটকে আওয়ামী লীগ নেতার ওপর হামলা
হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ডেকেছে মিরকাদিম পৌর আওয়ামী লীগ।
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনিরুজ্জামান শরীফের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে মিরকাদিম থেকে বাড়ি ফেরার পথে রামগোপালপুর এলাকায় তিনি হামলার শিকার হন বলে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক অমর চন্দ্র দাস জানান।
মনিরুজ্জামান শরীফ বলছেন, রাস্তায় ব্যারিকেড দিয়ে ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ তাকে নির্মমভাবে পেটায় এবং অপহরণ করার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পরিদর্শক অমর চন্দ্র দাস বলেন, “হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।”
ঘটনার বিবরণে মনিরুজ্জামান শরীফ বলেন, তিনি বৃহস্পতিবার মিরকাদিমে ইফতার বিতরণ করে পরে তারাবির নামাজ পড়েন। সব সেরে ব্যাটারি চালিত মিশুকে করে তেলির বিল এলাকায় তার বাড়িতে ফিরছিলেন। পথে একটি অটোরিকশা আড়াআড়িভাবে তার পথ রোধ করে।
“ওই সময় পাশের গলি থেকে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সম্পদ, প্রান্ত ও শোভনসহ কয়েক হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই প্রথমে পিস্তলের বাট দিয়ে বাঁ চোয়ালে আঘাত করে। এরপর চোখে আঘাত করে এবং মুখ কিছু দিয়ে আটকে গলির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমাকে। আমি মাটিতে পড়ে গিয়ে চিৎকার শুরু করলে তারা পেটাতে থাকে।”
মনিরুজ্জামান শরীফ এলাকায় রাজনীতি ছাড়াও ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তার ওপর হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে রিকাবীবাজার চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল এবং বিকাল ৪টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ডেকেছে মিরকাদিম পৌর আওয়ামী লীগ।
