দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
সাংসারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে ২০১৪ সালের ২৫ অক্টোবর স্ত্রী কহিনূর বেগমকে জবাই করেন আসামি মজিবর রহমান।
দিনাজপুরের পার্বতীপুরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছে আদালত।
দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-০২ এর বিচারক শ্যাম সুন্দর রায় সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আসামি মজিবর রহমানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রবিউল ইসলাম জানান।
মামলার বিবরণে জানা যায়, মজিবর রহমানের বাড়ি পার্বতীপুর উপজেলার খলিলপুর মোল্লাপাড়া গ্রামে। সাংসারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে ২০১৪ সালের ২৫ অক্টোবর রাতের কোনো এক সময় তিনি স্ত্রী কহিনূর বেগমকে জবাই করে পালিয়ে যান।
পরদিন সকালে ঘটনা জানাজানি হলে তাদের ছেলে বাবু বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় বাবা মজিবর রহমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ মজিবরকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাকেই একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ ‘সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায়’ দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে বিচারক মজিবরকে মৃত্যুদণ্ড দিলেন।
