চুয়াডাঙ্গায় বিএনপির সাত নেতা আটক, কর্মসূচি পণ্ড
বিএনপির কর্মসূচির জন্য পূর্ব নির্ধারিত স্থান ছিল পুলিশের দখলে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিবসহ সাত নেতাকে আটক করেছে পুলিশ। এতে দলটির পূর্ব নির্ধারিত গণমিছিল কর্মসূচি পণ্ড হয়ে যায়।
শনিবার গণমিছিল শুরুর আগেই চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে ওই পাঁচ নেতা ও বিকালে বিগবাজার এলাকা থেকে আরও দুজন আটক হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান।
আটকরা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান, সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আইলহাস ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফ এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খান, পৌর ছাত্রদলের সভাপতি কৌশিক হোসেন রানা এবং ছাত্রদল কর্মী আরমান আলী।
নিজের পরিচয় গোপন রাখার শর্তে বিএনপির এক নেতা বলেন, শনিবার দুপুরের আগে থেকেই প্রেস ক্লাব এলাকার রাস্তায় পুলিশের টহল শুরু হয়। দুপুরে নেতা-কর্মীরা কর্মসূচিস্থলে যাওয়ার প্রস্তুতি নিলে কোর্ট মোড় এলাকা থেকে পুলিশ বিএনপির পাঁচ নেতাকে আটক করে নিয়ে যায়। এ অবস্থায় বিএনপি গণমিছিল কর্মসূচি পালন করতে পারেনি।
নেতা-কর্মীদের আটক প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, বিএনপির মিছিল থেকে হামলা, ভাংচুর ও ক্ষয়-ক্ষতির আশঙ্কা ছিল। তথ্য পেয়ে সাত জনকে আটক করা হয়েছে।
এদিকে, কর্মসূচি এলাকায় গিয়ে দেখা যায়, গাড়ি নিয়ে অন্তত ২০-২৫ জন পুলিশ সদস্য রাস্তার ওপর অবস্থান নিয়েছেন।
বিএনপির কর্মসূচির জন্য পূর্ব নির্ধারিত স্থান ছিল পুলিশের দখলে।
ঘটনার পর থেকে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে গা ঢাকা দিয়েছেন; অনেকের ফোন বন্ধ পাওয়া গেছে।
এদিকে, আগের পাঁচজনসহ সাতজনকে পূর্বের একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
