২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ‘কবরের লাইট-তার চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

পুলিশের ভাষ্য, রাতে হৃদয় কবরস্থানের লাইট ও তার চুরি করার সময় তারে জড়িয়ে পড়েন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 06:23 PM

Updated : 16 Jun 2023, 06:23 PM

নরসিংদী সদরে ‘কবরস্থানের বৈদ্যুতিক লাইট ও তার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে নরসিংদী মডেল থানার এসআই কামরুজ্জামান জানান।

নিহত ২৩ বছর বয়সী হৃদয় মিয়া ওই এলাকার প্রয়াত তোফাজ্জল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে কবরস্থানের পাশে শিশুরা খেলতে গেলে মরদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি তারা সেখানকার নিরাপত্তা কর্মীকে জানালে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।

পুলিশের ধারণা, রাতের কোনো একসময় হৃদয় কবরস্থানের ভিতরে গিয়ে বৈদ্যুতিক লাইট ও তার চুরি করছিলেন। এ সময় তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে সেখানেই মারা যান।

এসআই কামরুজ্জামান বলেন, “হৃদয় চিহ্নিত মাদকসেবী। সে বিভিন্ন সময় নেশার টাকা যোগাতে চুরি করত। তার নামে নরসিংদী মডেল থানায় দুটি মামলা রয়েছে। গত সোমবার হৃদয় জেল থেকে ছাড়া পেয়েছেন।”

এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।