মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
এ বিষয়ে কথা বলতে নিমতলা আবাসন কোম্পানির একাধিক কর্মকর্তারে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের খুঁটি পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা এলাকার নিমতলা আবাসন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তুলা মিয়া (৪১) ও পলাশ (৪০)। এদের মধ্যে তুলা মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাউদার গ্রামের গনি মিয়ার ছেলে এবং পলাশ টাঙ্গাইলের মধুপুর থানার জলচত্র গ্রামের মৃত শীতল মিয়ার ছেলে।
কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফ আলী জানান, নিহত দু’জন গত প্রায় ৫ বছর ধরে নিমতলা আবাসন নামের হাউজিং কোম্পানিতে চাকরি করতেন। বিকালে হাউজিং এলাকার বিদ্যুতের খুঁটি পরিস্কার করার সময় তারের সঙ্গে লেগে তারা বিদ্যুতায়িত হন। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে কথা বলতে নিমতলা আবাসন কোম্পানির একাধিক কর্মকর্তারে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে বার্তা পাঠালেও তারা উত্তর দেননি।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা বা দায় থাকলে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
