২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওরসে যাওয়ার পথে টাঙ্গাইলে পিকআপ উল্টে নিহত ৩

আহত অন্তত ১৫ জনকে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওরসে যাওয়ার পথে টাঙ্গাইলে পিকআপ উল্টে নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পিকআপ উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 03:56 PM

Updated : 01 Mar 2023, 03:56 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পিকআপ উল্টে তিন যাত্রী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। তারা সিরাজগঞ্জের এনায়েতপুরে ওরসে যাচ্ছিলেন।

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান।

নিহতদের মধ্যে জামালপুরের গান্ধাইল গ্রামের মৃত সুলতানের স্ত্রী সাহেরা খাতুনের (৬০) পরিচয় জানা গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের একজন চল্লিশোর্ধ্ব এবং অপরজন ষাটোর্ধ্ব।

ওসি শফিকুল ইসলাম বলেন, জামালপুর থেকে ৩০-৩৫ জন খোলা পিকআপে করে ওরসে যাচ্ছিলেন। পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আহত অন্তত ১৫ জনকে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মরদেহ একটি থানায় এবং দুটি হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।