বিএনপি সাংবিধানিক সংকট তৈরি করতে চায় : হাছান মাহমুদ
“জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চাইলে বিএনপির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগ “
সংসদ ভেঙে দিয়ে বিএনপি দেশে সাংবিধানিক সংকট তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যে সংসদ ভেঙে দেওয়ার কর্মসূচি রয়েছে। সংসদ ভেঙে বিএনপি সাংবিধানিক সংকট তৈরি করতে চায়। তারা এর মাধ্যমে দেশে বিশেষ ধরনের সরকার কায়েম করতে চায়। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণ এটি হতে দেবে না।”
বৃহস্পতিবার রাতে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর উপলক্ষে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
বিএনপি আর দেশে তাণ্ডব চালাতে পারবে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট ও সমৃদ্ধি স্তব্ধ করতে চাইলে বিএনপির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগ।
“তারা আবারও জ্বালাও পোড়াও আন্দোলন করতে চায়। দেশকে অস্থীতিশীল করতে চায়। বিএনপিকে বলতে চাই, আওয়ামী লীগের কর্মীদের উপর হামলার চেষ্টা করলে আমরা আর বসে থাকব না। আমরাও জবাব দিতে প্রস্তুত।”
আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় সমাবেশ সফল করতে উপস্থিত নেতাদের বিভিন্ন নির্দেশনা দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধর প্রচার চালাতে হবে। আমরা রংপুরের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চাই। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনসমাবেশকে সফল করতে হবে।”
আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সরকার দলীয় হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি, সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, মাহবুবা আরা বেগম গিনিসহ অন্যরা।
