ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বিভিন্ন স্থানে
“এই আইন দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।”
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে তিন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এসব কর্মসূচি থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
বরিশাল : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ চার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শনিবার নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্ত্তী।
বক্তব্য দেন বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার। সংহতি জানিয়ে বক্তব্য দেন বরিশাল ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক খান মনিরুজ্জামান।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির পাশাপাশি নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, “২০১৮ সালের নির্বাচনের দুই মাস আগে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে সরকার। এই আইন দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
“রাতের অন্ধকারে জনগণের ভোট কেড়ে নেওয়ার পরিকল্পনা থেকেই সরকার এই আইন করেছিল। যাতে নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে কেউ টু শব্দ না করতে পারে কিংবা সংবাদপত্র লিখতে না পারে। এই আইন গণস্বার্থবিরোধী।”
জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, কবি ও সাংবাদিক হালিম আজাদ, সিপিবি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের পরিচালনায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সাবেক সভাপ্রধান শিল্পী অমল আকাশ, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা কবি কাজল কানন, সমমনার সভাপতি দুলাল সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, সিপিবির কর্মী বিমল কান্তি দাস, বাসদ কর্মী আবু নাঈম খান বিপ্লব, প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ, বিমল কান্তি দাস, অঞ্জন দাস, সাংবাদিক ফখরুল ইসলাম।
নীলফামারী: নীলফামারীতে শনিবার বেলা ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে সচেতন নাগরিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মানবাধিকার কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে নিপুন রায়ের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন নীলফামারী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, জ্যেষ্ঠ সহসভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, মানবাধিকার কর্মী ওমর ফারুক, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা বিকাশ রায়, সহসভাপতি রুবি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক গোকুল রায়।
