২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

ওসি বলেন, “ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে।”

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 05:22 PM

Updated : 21 Oct 2023, 05:22 PM

যশোরের অভয়নগর উপজেলায় কারাবন্দি এক বিএনপি নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার গভীর রাত পৌনে ১টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধোপাদী নতুন বাজার সংলগ্ন মশিয়ার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভয়নগর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ জানান। 

মশিয়ার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা কমিটির সদস্য। ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে ঢাকার উত্তর কেরাণিগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তিনি এখন যশোর কেন্দ্রীয় কারাগারে আছেন।

মশিয়ার রহমানের ছোট ভাই হাফিজুর রহমান দাবি করেন, “গভীর রাতে ভাইয়ের বাসভবন লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে পরিবারের লোকজন দ্রুত রাস্তায় চলে আসে।

“বাসভবনের গেইটে, পিলারে ও দেয়ালে তিনটি বোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেলে তিন ব্যক্তিকে নতুন বাজারের দিকে পালাতে দেখা যায়”, বলেন হাফিজুর।

ওসি মেহেদী মাসুদ বলেন, “ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”