জয়পুরহাটে নিজ ঘরে পড়ে ছিল স্কুলশিক্ষিকার অর্ধ-গলিত লাশ
৩-৪ দিন আগে জোবাইদা মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিজ ঘর থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন জানান।
জোবাইদা খাতুন (৬৬) উপজেলার আলমপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি আনোয়ার জানান, জোবাইদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। ৫-৬ বছর আগে তিনি অবসরে যান। তার সন্তানরা সবাই শিক্ষকতা করেন। পরিবার নিয়ে শহরে বসবাস করেন তারা।
জোবাইদার স্বামী জহুরুল অবসর গ্রহণের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় থাকেন। তিনি গ্রামে একাই থাকতেন।
ওসি আরও জানান, সোমবার থেকে জোবাইদাকে মোবাইল ফোনে না পেয়ে বিষয়টি প্রতিবেশীকে জানান স্বজনরা। বুধবার সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে পচা দুর্গন্ধ পান প্রতিবেশীরা। তারা ঘরে ঢুকে চেয়ারে বসা জোবাইদার অর্ধ-গলিত মৃতদেহ দেখে থানায় খবর দেন।
৩-৪ দিন আগে জোবাইদা মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে ওসি আনোয়ার বলেন, এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
