কুড়িগ্রামে বাস চাপায় প্রাণ গেল বাইক আরোহী তিন বন্ধুর
এনা পরিবহনের বাসটি পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে উপজেলার আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান।
নিহতরা হলেন- জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের আফতাব হোসেনের ছেলে সাগর (২৪), সোহরাব আলীর ছেলে সুমন (২৩) এবং তাদের বন্ধু শাহিন (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। বাসটি পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চালাচল বন্ধ ছিল।
ওসি রুহুল আমিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে, তবে চালক পালিয়ে গেছে। মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক আছে।
