গোপালগঞ্জে নসিমনের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি নসিমন শিশুটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রডবাহী একটি নসিমনের চাকায় পিষ্ট হয়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের কুড়ামারি গ্রামে বাথানডাঙ্গা-খান্দারপাড় সড়কের এ ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান।
নিহত তাহেরা শেখ ওই গ্রামের মিরাজুল শেখের মেয়ে।
ওসি জিল্লুর রহমান জানান, সন্ধ্যায় তাহেরা বাড়ির পাশে সড়ক পার হচ্ছিল। এ সময় রডবোঝাই একটি নসিমন শিশুটিকে চাপা দেয়।
গুরুতর অবস্থায় তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান ওসি জিল্লুর রহমান।
