২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

পূর্ব শত্রুতার জেরে ২০০৭ সালের ১৭ অক্টোবর প্রতিপক্ষের হামলার শিকার হন আক্কেলপুরের রায়কালী খাঁ পাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন।

জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

রায়ের পর আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত আসামিরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 04:57 PM

Updated : 13 Apr 2023, 04:57 PM

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এক হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামের আকরাম সাখিদার (৪৫), মুক্তার হোসেন (৩৫), এনজার হোসেন (৩৩) ও এনামুল হক (৪২)। মামলার আরেক আসামি হাবেজ উদ্দীন বিচার চলাকালীন সময়ে মারা যান।

মামলার নথির সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৭ সালের ১৭ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে আসামিদের অতর্কিত হামলায় রায়কালী খাঁ পাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনসহ বেশ কয়েকজন আহত হন।

গুরুতর আহত মোয়াজ্জেম হোসেনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে আক্কেলপুর থানায় পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে আক্কেলপুর থানার এসআই মোজাফফর হোসেন ওই বছরের ৩০ নভেম্বর পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার চার আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।