২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে দুই রিকশাচালক নিহত

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে গ্যারেজ মালিক স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

টঙ্গীতে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে দুই রিকশাচালক নিহত

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 06:05 PM

Updated : 15 Sep 2022, 06:15 PM

গাজীপুরের টঙ্গীতে একটি রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত রিকশার দুই চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে টঙ্গীর বৌ-বাজার এলাকায় স্বপন নামের একজনের গ্যারেজে এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার পেঁচারচড়ের মো. কিতাব আলীর ছেলে মো. লিটন (১৮) ও রংপুরের পীরগাছা উপজেলার সল্দীপাড়ার মনতাজ মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৪০)।

ওসি মো. আশরাফুল ইসলাম জানান, লিটন ও হারুন টঙ্গী পূর্ব থানা এলাকায় থেকে রিকশা চালাতেন। তারা দিনভর রিকশা চালিয়ে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রাতে স্থানীয় স্বপনের গ্যারেজে রিকশা নিয়ে যেতেন।

“বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে ওই গ্যারেজে লিটন ব্যাটারির চার্জ খুলতে গিয়ে ও হারুন একই স্থানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই হারুন মারা যান। এলাকাবাসী লিটনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে গ্যারেজের মালিক স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।