যশোরে একাধিক মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
ওই যুবকের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মোটরসাইকেল ছিনতাইসহ একাধিক অভিযোগে ১০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
যশোর সদর উপজেলায় একাধিক মামলার আসামি এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় শহরের শংকরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপন কুমার বিশ্বাস।
নিহত ২৬ বছর বয়সি মো. জুম্মান শহরের শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি রূপন কুমার বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিপক্ষের লোকজন জুম্মানকে কুপিয়ে জখম করে ফেলে যায়। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
জুম্মানের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মোটরসাইকেল ছিনতাইসহ একাধিক অভিযোগে যশোর কোতোয়ালি থানায় ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি রূপন।
