২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু

আরএফআইডি, টাচ অ্যান্ড গো এবং ক্যাশ এই তিন পদ্ধতিতেই পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাবে।

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু

পদ্মা সেতুর দুই পারের বুথেই স্বয়ংক্রিয় টোল আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 12:57 PM

Updated : 05 Jul 2023, 03:44 PM

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম-ইটিসিএস। স্বয়ংক্রিয় এই টোল আদায়ের আওতায় আনা হয়েছে ১৪টি বুথ। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মঞ্জুর হোসেন স্মার্ট পদ্ধতিতে টোল পরিশোধ করে টোল প্লাজা অতিক্রম করে এই পদ্ধতির কার্যক্রম শুরু করেন। 

এই পদ্ধতি পুরোপুরি চালু হলে পদ্মা সেতু পাড়ি দিতে যানবাহনগুলোকে অপেক্ষায় থাকতে হবে না, জটলামুক্ত থাকবে টোলপ্লাজা। এই পদ্ধতির জন্য মাওয়া প্রান্তের পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশে চালু করা হয়েছে ইটিসিএস রেজিস্ট্রেশন বুথ।

সেতু সচিব মঞ্জুর হোসেন বলেন, পরীক্ষামূলকভাবে স্মার্ট টোল আদায় শুরু হওয়ায় দুই পাড়ে দুইটি বুথ বাড়ানো হয়েছে। তাই এখন সেতুর দুই পাড়ে প্রবেশ পথে ১৭টি টোল বুথ চালু আছে।   

সেতু কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, ইটিসিএস সিস্টেমের বুথগুলোর ক্যামেরায় গাড়ির নম্বর আসতেই সেগুলো বিআরটিএর সার্ভারে যুক্ত থাকায় স্ক্রিনে নির্ধারিত টোলের পরিমাণ দেখা যাবে। এরপর আরএফআইডি, টাচ অ্যান্ড গো এবং ক্যাশ এই তিন পদ্ধতিতেই পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাবে। 

এর মধ্যে সেতুর দুই পাড়েই ১ নম্বর বুথে শুধুমাত্র রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি পদ্ধতিতে চলন্ত অবস্থায় টোল আদায়ের সুযোগ রাখা হয়েছে।

Image

স্মার্ট পদ্ধতিতে টোল পরিশোধ করে এই পদ্ধতির কার্যক্রম শুরু করেন সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মঞ্জুর হোসেন।

এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই স্ক্যানারে গাড়িটি শনাক্ত হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে ব্যারিয়ার উঠে যায় এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যায়। 

২ নম্বর বুথটি হাইব্রিড- এখানে আরএফআইডি, টাচ অ্যান্ড গো এবং ক্যাশ এই তিন পদ্ধতিতেই টোল পরিশোধের সুযোগ থাকবে। 

আর ৩ থেকে ৭ নম্বর এই পাঁচটি বুথে টাচ অ্যান্ড গো এবং ক্যাশ পদ্ধতি চালু হয়েছে। এসব বুথে যানবাহনের রেজিস্ট্রেশন করা কার্ডে ব্যালেন্স থাকলে ক্যাশলেস টোল দেওয়া যাবে। এ জন্য বুথগুলোর পাশে গাড়ির উচ্চতা বিবেচনা করে তিন রকম উচ্চতায় কার্ড ব্যবহারের জন্য মেশিন রাখা হয়েছে। 

একইসঙ্গে বুথগুলোয় কেউ চাইলে ক্যাশ বা নগদেও টোল পরিশোধ করতে পারবেন। সেতুর  দুই পারেই একই রকম ব্যবস্থা। 

তবে সেতুর মাওয়া প্রান্তের ৮ নম্বর এবং জাজিরা প্রান্তের ৮ নম্বর ও ৯ নম্বর  এই তিন বুথে মোটরসাইকেলের জন্য আগের মত ম্যানুয়ালি টোলের ব্যবস্থা রাখা হয়েছে। 

এ দিকে সেতুর যান চলাচল পর্যবেক্ষণে মাওয়া প্রান্তে চালু হয়েছে পদ্মা ব্রিজ ট্রাফিক মনিটরিং সেন্টার। 

প্রযুক্তির সঠিক ব্যবহারে যাতায়াতে সময় লাগার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেতু ব্যবহাকারীরাও।