০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

শ্রমিক আন্দোলন এড়াতে এবার পদ্মা সেতু হয়ে রূপপুরে গেল ইউরেনিয়াম

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য দুটি অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটিসহ মোট পাঁচটি চালান দেশে পৌঁছাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 04:50 PM

Updated : 06 Nov 2026, 04:50 PM

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও মহাসড়কের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়েছে ইউরেনিয়ামের নতুন চালান।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তায় তিনটি বিশেষ লরিতে করে পদ্মা সেতু হয়ে চালানটি রূপপুরে পৌঁছেছে বলে জানান প্রকল্পের সাইট ইনচার্জ কে বি এম রুহুল কুদ্দুস।

তিনি বলেন, গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও মহাসড়কের পরিস্থিতি এড়াতে ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। এ কারণে নিয়মিত পথের পরিবর্তে এবারই প্রথম বিকল্প পথে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়েছে।

আগে ইউরেনিয়ামের চালান ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে যমুনা সেতু পার করে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া দিয়ে রূপপুরে নেওয়া হতো।

তবে এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা লরিগুলো ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া পেরিয়ে পাকশীর লালন শাহ সেতু দিয়ে প্রকল্পে পৌঁছায়।

এ নিয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য দুটি অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটিসহ মোট পাঁচটি চালান দেশে পৌঁছাল।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। এ ছাড়া প্রথম ইউনিটের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি পাঠানো হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব জ্বালানি দেশে আসবে।