র্যাগিং-ভাঙচুর: কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী বহিষ্কার
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ও চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে; যার মধ্যে তিনজনকে স্থায়ী বহিষ্কার করেছে প্রশাসন।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ।
স্থায়ী বহিষ্কৃতরা হলেন- আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিক কাব্য, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মিজানুর রহমান ইমন ও হিশাম নাজির শুভ।
এ ছাড়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শাহরিয়ার পুলক, সাদমান সাকিব আকিব ও শেখ সালাউদ্দীন সাকিবকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে মানসিক নির্যাতন করার অভিযোগ ওঠে একই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।
এ বিষয়ে প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। বিষয়টি তদন্তে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরে ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ ঘটনায় জড়িত ২০২১-২২ শিক্ষাবর্ষের শুভ ও ইমনকে স্থায়ী বহিষ্কার করা হয়। একই ঘটনায় জড়িত পুলক, সাকিব ও আকিবকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভাঙচুর চালায় কয়েক শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কাব্যকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
সেইসঙ্গে তার অন্য দুই সহযোগী একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সালমান আজিজ ও আতিক আরমানকে সতর্ক করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন বলেন, তদন্ত কমিটির সুপারিশ ও সভায় আলোচনা সাপেক্ষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজুলেশনের কাজ সম্পন্ন হলে জড়িতদের আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৩ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
