সাতক্ষীরায় স্কুলছাত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
পিপি জানান, সম্পর্কের অবনতি হওয়ায় সুজ্যোতিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আব্দুর রহমান।
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মো. আব্দুল আলিম আল রাজী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল লতিফ জানান।
দণ্ডিত মো. আব্দুর রহমান (২২) কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি আব্দুল লতিফ বলেন, কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণি পড়ুয়া সানজিদা হোসেন সুজ্যোতির সঙ্গে আব্দুর রহমানের সম্পর্ক ছিল।
তিনি বলেন, ২০২২ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৮টার পর থেকে সুজ্যোতি নিখোঁজ হয়। পরের দিন সকালে বাড়ির পাশে একটি জমির ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সুজ্যোতির মা বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার সাত দিন পর আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
এই আইনজীবী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান জানান, সম্পর্কের অবনতির কারণে সুজ্যোতিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
এই রায়ে অসন্তোষ প্রকাশ করে হত্যাকারীর ফাঁসির দাবি করেন সুজ্যোতির মা-বাবা।
