২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় প্রচারে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার

পুলিশ জানায়, আহত গোলাম মোস্তফাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নওগাঁয় প্রচারে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার

আহত চৌধুরী গোলাম মোস্তফা বাদল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 09:15 PM

Updated : 31 Dec 2023, 12:31 AM

নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় এক আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলা সদরের সাহেবগঞ্জ রেলস্টেশন এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয় বলে আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম জানান ।

আহত চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৫৮) আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক। 

রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত এ আসনের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল।

এ ঘটনায় আহতের ছেলে সাজ্জাদুল ইসলাম রিপন বাদী হয়ে শামীম হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

মামলার বরাতে ওসি জহুরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বাদল স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বেরিয়েছিলেন। তিনি তখন সাহেবগঞ্জ বাজারে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে কয়েকজন যুবক পেছন থেকে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা।

তিনি আরও বলেন, এরপর তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শামীম হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়। তার বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। আহত গোলাম মোস্তফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।