নাটোরে কলা চাষি হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার
আবুল কালাম জমি বর্গা ও লিজ নিয়ে কলা চাষাবাদ করতেন। তার থেকে কলা কিনে বাকী রাখা টাকা পরিশোধে কালক্ষেপণ করছিল কামাল।
নাটোরের কলা চাষি হত্যা মামলার পলাতক দুই আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানার ফারাম বাজার এলাকায় র্যাব নাটোর ও ফরিদপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ জানান, গ্রেপ্তাররা হলেন মো. বাবলু মোল্লা (৩৫) ও মো. আহসান মোল্লা (৫৫) ওরফে কালাম ওরফে কালা। তারা নাটোর সদরের কাফুরিয়া রিফুজিপাড়া এলাকার শুকচানের ছেলে।
মামলার এজাহারের সূত্রে মো. ফরহাদ হোসেন জানান, কৃষক আবুল কালাম (৫৫) মানুষের জমিতে বর্গা ও লিজ নিয়ে কলা চাষাবাদ করতেন। কয়েক বছর আগে তিনি মো. কামাল হোসেনের কাছে কলা বিক্রি করেন। কিন্তু কামাল প্রায় ২০ হাজার টাকা বাকী রাখেন এবং টাকা পরিশোধ না করে কালক্ষেপণ করতে থাকেন। এই নিয়ে আবুল কালামের সঙ্গে কামাল ও তার ভাই বাবলু, আহসানসহ অন্যদের মধ্যে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়।
এর জের ধরে গত ১২ জুলাই সকালে নাটোর সদরের কাফুরিয়া জোলারপাড়া এলাকায় মো. শাহিনের বিস্কুট ফ্যাক্টরির সামনের রাস্তায় কামাল ও কালামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র দিয়ে আবুল কালামকে এলোপাতাড়ি মারপিট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে কালামের ভাইয়ের ছেলে মো. সমজান আলী বাদী হয়ে থানায় মামলা করেন বলে জানান হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
গ্রেপ্তার আসামিদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান ওই র্যাব কর্মকর্তা।
