বেনাপোল সীমান্তে কড়া পাহারায় বিজিবি, রাতে সার্চলাইটে টহল
নিষিদ্ধ সংগঠনের আসামিদের সীমান্ত পারাপার ঠেকাতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বাসিয়েছে বিজিবি।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিশেষ করে রাতে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে চলছে কঠোর নজরদারি। সার্চলাইটের তীব্র আলোয় সীমান্ত এলাকার সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছে বিজিবি।
ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলেছেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রবেশ করতে না পারে, সে লক্ষে টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের শীর্ষ চার নেতা রোববার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল সীমান্ত এলাকায় কয়েক দফা বৈঠক করেছেন, এমন খবর বেনাপোল সীমান্তে পৌঁছানোর পরই বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে আরও কঠোর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের ফেরারি আসামিদের সীমান্ত পারাপার ঠেকাতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে।
নজরদারি জোরদারে টহলদল দিন ও রাতের যেকোনো সময় অবৈধ অনুপ্রবেশ শনাক্ত করতে সীমান্তে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্স লাইট, নাইট ভিশন গগলস, ড্রোন, সিসি ক্যামেরা, নাইট ভিশন বাইনোকুলার, ফ্লাশ লাইট ইত্যাদি আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম ব্যবহার করছে যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এই কঠোর অবস্থা এখন থেকে বলবৎ থাকবে।
