তিনবারের এমপি নজরুলের আয় বেড়েছে ৪ গুণের বেশি
এ রাজনীতিবিদ হলফনামায় তার পেশা ‘ব্যবসা’ (আমদানিকারক ও সরবরাহকারী) বলে উল্লেখ করেছেন।
নারায়ণগঞ্জ-২ সংসদীয় আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা বিশ্লেষণে দেখা যায়, গত ৫ বছরে এই সংসদ সদস্যের আয় বেড়েছে চার গুণের বেশি।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বর্তমানে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
তিনি ২০০৮ সালে নারায়ণগঞ্জ-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও নির্বাচিত হয়েছেন।
রাজনীতিবিদ নজরুল ইসলাম বাবু এবার হলফনামায় তার পেশা ব্যবসা (আমদানিকারক ও সরবরাহকারী) বলে উল্লেখ করেছেন।
কৃষি, বাড়ি ভাড়া, আমানতের সুদ, সংসদ সদস্য হিসেবে সম্মানী ও ভাতা থেকে ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্যের বর্তমান বার্ষিক আয় ৮৪ লাখ ১১ হাজার ১২৪ টাকা।
একইখাতে তার স্ত্রী আড়াউহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা আফরোজ ইভার আয় ৩৩ লাখ ৯৪ হাজার ৫৩৫ টাকা।
গত হলফনামায় এ সংসদ সদস্য বার্ষিক আয় দেখিয়েছিলেন ১৯ লাখ ৪০ হাজার ৪৪৩ টাকা। স্ত্রীর আয় ছিল ১০ লাখ ৩৬ হাজার ৩৩৬ টাকা।
এবার নগদ ও ব্যাংকে জমা টাকা, শেয়ার, পোস্টাল সেভিংস, মোটরযানসহ নজরুল ইসলামের অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৪৮ টাকা।
তার স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ৩৯ লাখ ৬১ হাজার ৩২১ টাকা।
স্বামী-স্ত্রী দুজনের ৮৭ দশমিক ১৩ ভরি সোনার গহনার কথা হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নজরুল ইসলাম এবার মোট ৩ কোটি ২৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের স্থাবর সম্পদ দেখিয়েছেন।
এর মধ্যে ৩৯৭ দশমিক ১৭৫ শতাংশ জমি, ৩২৩৮ বর্গফুটের ফ্ল্যাট, পূর্বাচলে ১০ কাঠা ৪ ছটাক প্লট। তবে হেবা দান সূত্রে পাওয়া ৩৩ দশমিক ১৩ শতাংশ জমির মূল্য তিনি দেখাননি।
তার স্ত্রীর নামে ৩৯৫ শতাংশ জমি রয়েছে। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকা।
গত হলফনামায় নজরুল ইসলাম বাবু তার নামে ৪০৩ দশমিক ৪২৫ শতাংশ জমি দেখিয়েছিলেন।
এ ছাড়া ৩২৩৮ বর্গফুটের ফ্ল্যাট, পূর্বাচলে ১০ কাঠা ৪ ছটাক প্লটের কথাও উল্লেখ ছিল।
যোগাযোগ করা হলে নজরুল ইসলাম বাবু দাবি করেন, তিনি কোনো জমি কেনেননি। পারিবারিক সূত্রে পাওয়া জমিই হলফনামায় দেখিয়েছেন।
“আমি গত ১০ বছরে কোনো জমি কিনিনি। আমরা মূলত একান্নবর্তী পরিবার ছিলাম। আমার বাবা, দাদা, চাচাদের নামে যেসব জমি ছিল তারা মারা যাওয়ার পর সেসব জমি ভাগ হয়েছে। বোনরাও তাদের জমি আমাকে দিয়েছেন। এসব কারণে জমির পরিমাণ বেড়েছে। আসলে বাড়েওনি; আগে যা যৌথভাবে ছিল তা এখন ভাগ হয়েছে”, বলেন তিনি।
নজরুল ইসলাম বাবুর নামে সাতটি হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ মোট নয়টি মামলা ছিল। এসব মামলা ২০০১ থেকে ২০০৫ সালে তার বিরুদ্ধে করা হয়।
এর মধ্যে দুটি মামলার কার্যক্রম স্থগিত, একটিতে খালাস এবং বাকিগুলোতে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি।
এদিকে, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আলমগীর সিকদার লোটন।
এ ছাড়া তৃণমূল বিএনপির আবু হানিফ হৃদয় ও জাকের পার্টির মো. শাহ্জাহানও এই আসনে প্রার্থী হয়েছেন।
