নেত্রকোণায় পিকআপের ধাক্কায় বাইক আরোহী নিহত, চালক আটক
পিকআপটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে প্রায় দুইশ গজ টেনে-হিঁচড়ে নিয়ে যায় বলে জানায় পুলিশ।
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালককে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার নারায়ণডহর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম।
নিহত মো. আব্দুল মোতালেব (৫০) উপজেলার সিন্দুয়াটিয়া গ্রামের বাসিন্দা। তিনি তাবলীগ জামাতের আমীর ছিলেন।
আটক পিকআপচালক আশিকুর রহমান (২৫) শহরের পারলা এলাকার হেলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নারায়ণডহর বাজার মসজিদের পাশে বৈদ্যুতিক যন্ত্রাংশ মেরামতের কাজ করতেন মোতালেব। বেলা সাড়ে ৩টার দিকে নিজ গাছের লেবু পেড়ে বাজারে বিক্রির জন্য মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন তিনি।
পথে প্রধান সড়কের প্রবেশের সময় নেত্রকোণাগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে প্রায় দুইশ গজ টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে মোতালেবের মাথা ফেটে ও পা ভেঙ্গে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপর এলাকাবাসী পিকআপচালক আশিকুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ওসি রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ এবং চালককে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
