২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের সিদ্দিকীর পৌরসভায় গামছার জয়, নৌকা দ্বিতীয়

মাত্র ১২১ ভোটের ব্যবধানে এই পৌরসভায় নৌকার পরাজয় হয়েছে।

কাদের সিদ্দিকীর পৌরসভায় গামছার জয়, নৌকা দ্বিতীয়

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 08:57 PM

Updated : 21 Jun 2023, 08:57 PM

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

বুধবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ী প্রার্থী রাহাত হাসান টিপু গামছা প্রতীকে চার হাজার ৭৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ পেয়েছেন চার হাজার ৬২১ ভোট।

এ ছাড়া উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম অটল পেয়েছেন চার হাজার ৩৫৪ ভোট।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

নির্বাচন কার্যালয় জানান, ১৮ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ১৩ হাজার ৭১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৭৫ শতাংশ।

এবারের নির্বাচনে মেয়র পদে তিনজন, নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী বীরউত্তমের নির্বাচনী এলাকা বাসাইল। তাই তিনিসহ দলের শীর্ষ নেতারা তাদের মনোনীত প্রার্থী রাহাত হাসানকে বিজয়ী করতে প্রচারে অংশ নিয়েছেন।

২০১৩ সাল ও ২০১৮ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনেও এনামুল করিম এবং রাহাত হাসান নিজ নিজ দলের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন। উভয়ই সামান্য ভোটে পরাজিত হন।

২০১১ সালে প্রতিষ্ঠিত বাসাইল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সে নির্বাচনে মেয়র নির্বাচিত হন মজিবুর রহমান।

পুরনো খবর:

ভোট চলছে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায়