২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চলছে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায়

তিন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট চলছে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায়

বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সারি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 11:57 AM

Updated : 21 Jun 2023, 11:57 AM

সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের পাশাপাশি ভোট চলছে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনেও। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।

ইভিএমে ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে ভোটারদের। এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাসাইল পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদসহ তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আরও লড়ছেন কৃষক শ্রমিক জনতালীগ সমর্থিত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু এবং নারিকেল গাছ প্রতীকে সতন্ত্র প্রার্থী এনামুল করিম।

বিএনপি নেতা এনামুল করিম দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবুও তিনি তার অনুসারীদের নিয়ে সক্রিয় আছেন নির্বাচনের মাঠে।

এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী বীরউত্তমের নির্বাচনী এলাকা বাসাইল। তাই তিনিসহ দলের শীর্ষ নেতারা তাদের মনোনীত প্রার্থী রাহাত হাসানকে বিজয়ী করতে প্রচারে অংশ নিয়েছেন।

২০১৩ সাল ও ২০১৮ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনেও এনামুল করিম এবং রাহাত হাসান নিজ নিজ দলের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন। উভয়ই সামান্য ভোটে পরাজিত হন। এবার জয়ের জন্য উভয়ই সর্বোচ্চ চেষ্টা করছেন।

আর ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিম আহমেদ মেয়র নির্বাচিত হন।

তিন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কমিশন।

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত বাসাইল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সে নির্বাচনে মেয়র নির্বাচিত হন মজিবুর রহমান।

নির্বাচন কর্মকর্তা আরও জানান, পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩৭। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ১০জন নিজস্ব পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। এক জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১০ কেন্দ্রে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশসহ, দুই প্লাটুন বিজিবি এবং তিনটি র‌্যাবের টিম দায়িত্ব পালন করছেন। যে কোনো যান্ত্রিক ক্রটি দ্রুত সমাধানে প্রতি কেন্দ্রে একজন করে কারিগরি মোবাইল টিমের সদস্য রয়েছেন।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন, “আশা করি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।”