বদিকে বাবা দাবি করা ইসহাকের মনোনয়নপত্র বাতিল
কক্সবাজার-৪ আসনে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী সংসদ সদস্য শাহীন আক্তারের মনোনয়নপত্র বৈধ ষোষণা করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের শেষ দিনে কক্সবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা মো. ইসহাকের প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
ইসহাক এই আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে বাবা দাবি করে মামলা দায়েরের পর দেশব্যাপী আলোচনায় আসেন। মনোনয়নপত্র দাখিলের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, সন্তান হিসেবে স্বীকৃতি আদায় করতে ভোটের মাঠে নেমেছেন।
এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার; যিনি আবদুর রহমান বদির স্ত্রী।
সোমবার সকালে যাচাই-বাছাই শেষে কক্সবাজার-৩ ও কক্সবাজার-৪ আসনে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং পাঁচজনকে বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ইসহাক ছাড়াও স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর ও কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই আসনে নয়জনের মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। বাকি তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন আক্তার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদ আলম, জাতীয় পার্টির (জাপার ) নুরুল আমিন সিকদার ভুট্টো, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. ইসমাইল।
কক্সবাজার-৩ (সদর-ঈদগাও-রামু) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ছয়জনের মধ্যে চারজনকে বৈধ এবং দুইজনের প্রার্থিতা বাতিল করা হয়।
বাতিলরা হলেন- ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী শামীম আহসান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ।
এই আসনে বৈধরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন ও বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম।
এর আগে রোববার যাচাই-বাছাইকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন আহমদসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এ আসনটি মনোনয়নপত্র দাখিলকারী ১৩ জনের মধ্যে আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।
এ ছাড়া কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাতজন প্রার্থীই মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।
আরও পড়ুন:
