বরগুনায় ছাত্রলীগের দুপক্ষের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা
২১ আগস্ট উপলক্ষে দুপক্ষ একই সময়ে একই স্থানে কর্মসূচির ঘোষণা দেয়
ছাত্রলীগের বিবাদমান দুই পক্ষ একই সময় একই স্থানে ২১ অগাস্টের নিহতদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করায় বরগুনা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
রোববার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের স্বাক্ষর করা এক আদেশে ১৪৪ ধারা জারির তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, “২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতির গ্রুপ ও সভাপতির পদবঞ্চিত নেতার গ্রুপ একই সময়ে বরগুনা সরকারি কলেজে দোয়া মাহফিলের আয়োজন করায় নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। এতে বিশৃঙ্খলা, মারামারিসহ যে কোনো অপ্রীতিকর ঘটার শঙ্কা ছিল।”
“এ ছাড়া আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় বরগুনা সরকারি কলেজসহ আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধি আইনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সব রকম সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের নবগঠিত কমিটির দুই পক্ষ সরকারি কলেজ মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সূত্র জানায়, বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বে ২১ আগস্ট উপলক্ষে রোববার বিকেলে বরগুনা সরকারি কলেজ মসজিদে দোয়া মাহফিলের ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে বরগুনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লাও একই স্থানে দোয়া মাহফিলের ঘোষণা দেন।
দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলনায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৪ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন। এরপর থেকেই ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি চলছে।
আরও পড়ুন:
