গাজীপুরে ঈদের দিন বাইক দুর্ঘটনায় নিহত যুবক
কালিয়াকৈর-শ্রীপুর সড়কের ফুলবাড়িয়ায় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে আছড়ে পড়ে।
ঈদের দিন ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গাজীপুরে এক যুবক।
শনিবার দুপুরে কালিয়াকৈর-শ্রীপুর সড়কের ফুলবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।
নিহত জীবন হোসেন (২৪) গাজীপুর সদরের জয়দেবপুরের পিরুজালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
জীবনের চাচা জুয়েল রানা জানান, ঈদ উপলক্ষে মোটরবাইকে করে জীবন তার এক বন্ধুর সঙ্গে গাজীপুরের হোতাপাড়া থেকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ায় ঘুরতে গিয়েছিলেন।
“পথে ফুলবাড়িয়া আতাব আলীর মোড়ে পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে আছড়ে পড়ে।”
জয়েল জানান, এতে জীবন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুদীপ চক্রবর্তী জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
শ্রীপুর থানার এসআই অমল জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
